আসতে পারে সু-সংবাদ
- শেখ মাফিজুল ইসলাম
কলসি কাঁখে ঘাটে গেলে
কোন ছলে,
পায়ের নূপুর খসলো কখন
বট্ তলে।
খোঁপার ফুলে ডাকলো কে- গো
মৌ-মাছি,
খাঁটি সোনার দামেই কেবল
মন বেচি?
হাতের কাঁকন গভীর রাতে
বাজলো ওই;
চাঁদের সাথে কিসের কথা
ওলো সই।
চৈতি হাওয়ায় চোখ পড়েছে
কার চোখে,
উধাও হলো চোখের কাজল
কার শোকে;
ঘুমের ঘোরে মুখ্-দে ফোটে
কার কথা;
ঘরের কোনে কাঁদছো ব’সে
কার ব্যথা?
অশ্রু-ফোঁটা শুকিয়ে নিলে
ওষ্ঠে কার;
কে বলেছে আর কেঁদ- না
খবরদার।
কোন সাথীকে বিদায় দিলে
যখন ভোর,
কোন্ সাথীই-বা জড়িয়ে গ্যাল
মায়ার ডোর।
একলা হতে চাইছো কেন
জোছনা রাত,
চোখের জলেও আসতে পারে
সু-সংবাদ।
মোমের গায়ে আগুন দিলেই
মোম গলে,
মনের মতো মন-যে পেলেই
মন গলে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।