বেশামাল মন
- সুকন্যা তিশা
মন খারাপের রাতটা এত গভীর হয় কেন ?
কষ্টগুলো ডানা ঝাপটে ছটফটায় কেন ?
বলতে পারিস-কিসের দুখে চাঁদটা কেঁদে মরে ?
কার শোকে তারাগুলো ক্ষয়ে ক্ষয়ে ঝরে ?
ফুল বাগানের ফুলগুলো কেন মলিন হয়ে যায় ?
ভালোবাসার সুখগুলো কেন অল্পতেই রয়ে যায় ?
নদীর বুকে কিসের টানে উথাল পাথাল ঢেউ ?
সুখের প্রদীপ কেন এসে জ্বালায় অন্য কেউ ?
কেন এত বেশামাল, মনটা বোঝা ভারী!
নিজের কাছে নেই কেন নিজের অধিকারই ?
প্রশ্নগুলো প্রশ্ন হয়ে কেন রয়ে যায় ?
উত্তরগুলো কেন শুধু অজানায় হারায় ?
এলোমেলো হয়ে আজ পাগল হওয়ার নেশায়
অক্ষরের পর অক্ষর বসে শব্দকে নাচায় ।
তবুও আজ মানছে না মন, জালাচ্ছে তখন থেকে
গুমরে গুমরে কেঁদে বলছে - ভালোবাসি শুধুই তোকে ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।