দুই জননী কাঁদলো
- শেখ মাফিজুল ইসলাম
আযান এবং উলুধ্বনি উঠোনের দুই প্রান্তে;
দু’টি শিশুর জন্ম হলো শব্দ পেল কাঁদতে।
দুই পরিবার বেজায়-গরীব দুটি বোঝা চাপলো,
দুটি মায়ের চক্ষু জুড়ে হতাশার মেঘ জমলো।
‘নুন আনতে পান্তা ফুরোয়’ শিশু খাবে কী?
জন্মের আগে দুই বাবা-মা কিছুই বোঝে নি।
কচিকাঁচা বেজায় খুশি খেলার সাথী বাড়লো
আতুর ঘরে উঁকি দিয়ে খুশির ডাক ছাড়লো।
উঠোন জুড়ে খেলার সাথী শিশু দুটি ভিড়লো
ওদের খেলার দাপট দেখে পাড়ার টনক্ নড়লো।
বিদ্যা-বুদ্ধি জ্ঞান-গরীমায় দুটি ছেলেই পোক্ত
যে-যার আপন ধর্ম নিয়ে জুটে গ্যাল ভক্ত।
‘আল্লা বড়ো না হরি বড়ো’ তর্কের ঝড় উঠলো
সাক্ষ্য-প্রমাণ আনতে দু’জন দিক্ দিগন্তে ছুটলো।
উঠোন জুড়ে তর্ক-যুদ্ধ যে-যার যুক্তি তুলছে
কেউ মানে না কারো যুক্তি রাগে দু’জন ফুলছে।
ধর্ম নিয়ে বাড়াবাড়ি? দ্বন্দ্ব যখন বাঁধলো
দু’টি ঘরের দুই জননী গলা ধ’রে কাঁদলো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।