তবু বাঁচতে ইচ্ছা হয়
- শেখ মাফিজুল ইসলাম
মিষ্টি-মধুর দিন তো শেষ
একলা ঘরে আছি বেশ।
দিন-রাত্রির নেইকো ভেদ
স্মৃতির করি ব্যবচ্ছেদ।
ইঁদুর-শলা-টিকটিকি
রোজ দেখা দেয় ঠিকঠিকই।
নিত্য সাথী এক ঘরে
খোঁজ রাখি না কে মরে।
মাথার ওপর কড়িকাঠ
ওটাই এখন খেলার মাঠ।
গুণ-ভাগ আর যোগ করি
শুকনা গাছের ডাল ধরি।
নিজের দেহ অভিশাপ
মন গলে যায় মনোস্তাপ।
বউ তো গ্যাছে পরপার
নাতিকে বলি-‘হাতটি ধর’।
হাঁচি-কাশি-হাঁপানি, বলি
ওষুধ খাবো দে-পানি।
মুখে ফোটে শিশুর বোল-
‘ভাত-দে খাব মাছের ঝোল’।
জানলা দিয়ে চাঁদ ডাকে
সে দিক কী মন থাকে।
ঝিঁঝিঁ পোকার ডাক শুনি
পরপারের দিন গুনি।
নিত্য জাগে মৃত্যুভয়
তবু বাঁচতে ইচ্ছা হয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।