অমানবিক খেলা
- হাসিব মহিউদ্দিন
লিকলিকে দূর্বাঘাস বয়েছে শিশির কণা দেখি অগুনতি
তবু যে হয়না ন্যুব্জ ঘাসের শরীরে আছে জানি সেই দম;
মানুষের বেলা সেই ভার বয়ে চলা শুধু করে চলে ক্ষতি
মস্তিস্কের নিউরনে কাঁপন ধরায় বুঝি চায় আরো কম।
সীমাহীন ভার বয়ে মানবিক ঘাত সয়ে চলেছে যে জন
তার ব্যথা বুঝবার ক্ষমতা নেই যে আর লোকে ঘাত হানে;
আঘাত সয়েছে প্রাণে নিজের ফিরিস্তি দেয় কাঁপে শুধু মন
থামেনা করাল স্রোত আঘাত করে যে চলে মানুষেরা বানে।
আবার দেখেছি আমি ঘাসের শরীরে যদি ইট চাপা পড়ে
কিছুদিন পরে জানি সবুজ ঘাসের রঙ হয়ে যায় ফিকে;
তখন বাতাস আলো পেতে যেন ঘাস বেগে উঠে শুধু লড়ে
মনে হয় শুধু আজ জ্বলতে জ্বলতে ম্লান আকাশের ঋক্ষে।
মানুষ থামায় জানি মানুষের ভাবাবেগ থেমে থেমে চলে
বিভোর হয়েছে আজ উদরের চাপে পড়ে নিজ কর্ম দ্বারা;
নিজের এ ষোল আনা জাহির করতে যেন অপরকে দ'লে
তাই আজ মানুষেরা খেলছে নিজের খেলা মনুষ্যত্ব সারা।
অমন খেলার লাগি আবেগে চলেছে বেগে ধূর্ত মানুষেরা
তাদের এ ভূলুণ্ঠিত বিবেকের গান শুনি স্বার্থের হাসিল;
অপরের দোষ ধরে নিজের বেহেস্ত আঁকে মাটি দ্বারা ঘেরা
দোষীর পরান কাঁদে আঘাতের দ্বারা যেন নিঃস্ব এক চিল।
২৫-০২-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।