শরৎ-রাণী বলবে তাকে
- শেখ মাফিজুল ইসলাম
গাছের পাতা নীরব কেন?
আকাশ ঘন নীল
টুপটাপ যে ঝরছে পাতা
শূন্যে উড়ছে চিল।
কাক-পক্ষির যে-চিৎকারে
অবাক হতো শিশু
তারাও দেখি উধাও এখন
ঘটছে অন্য কিছু?
ফ্যানের বাতাস ভাল্- লাগেনা
পাতলা কাঁথার আমন্ত্রণ
দেরী করে উঠছে বেলা
দূরে কেন কাঁপছে বন।
উথাল-পাথাল ঢেউ থেমেছে
নদীর জলের শান্ত বেশ
পাতি হাঁসের ঝাঁক চলেছে
শাপলা বনে খুশির রেশ।
সকাল হলেই কাশের বনে
সূর্য উঁকি দিচ্ছে ওই
সোনা রোদের মাখামাখি
প্রজাপতি উড়ছে কই।
খেজুর গাছ ওই হাসছে ক্যান
ভ্রমর দেখি ছুটছে ওই
ধূপছায়া যে নামছে মাঠে
অবাক চোখে তাকিয়ে রই।
আউস ধানের গন্ধ মেখে
শিশির ভেজা ঘাসে
আলতা-রাঙা পা-ডুবিয়ে
নব-বধূ হাসে।
মনের সুখে সাজবে সে আজ
জানবে নাতো কেউ
শরৎ-রাণী বলবে তাকে
মনে খুশির ঢেউ।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।