সুখের স্বপন
- সিবগাতুর রহমান
ভাবছে যারা আমায় দেখে
অনেক সুখী আমি,
এমন ভাবনা আমার কাছে
অনেক বেশি দামি।
আমায় দেখে ভাবছে যারা
আমি অনেক সুখী,
হয়তো তারা আমার চেয়ে
অনেক বেশি দুঃখী।
তাদের জন্য রইল আমার
আন্তরিক এই চাওয়া,
আমার মত সুখ যেনো গো
তাদেরও হয় পাওয়া।
তারা যেনো আমার মতোই
এমন-ই সুখে ভাসে,
তুষের আগুন বুকে রেখে
পুষ্পের হাসি হাসে।
আমার মতো সুখী তাদের
করে দাও হে প্রভু,
এরূপ সুখের স্বপন যেন
দেখে না কেউ কভু।
তোমাদের ভাবনার মতন
সুখী হতে চাই,
যেমন সুখের নমুনা আর
এই জগতে নাই।
*****
রচনা কালঃ ৬ মার্চ ২০২৪
০৫-০৮-২০২৪
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।