রাতের গপ্প
- ফারহান নূর শান্ত
রাতের বেলা আঁধার পেরিয়ে
চাঁদ ডেকে যায়
শুনেছি এখনও নাকি শিশির জমে
ঘাসের ডগায়।
মাঠ পেরিয়ে নদীর ধারে
বাতাস ওঠায় ঢেউ, জলে
ঝোপঝাড়েতে মশাল ধরায়
জোনাকির একঝাঁক দলে।
চৈতী রাতের চাঁদের আলো
ভোলায় গাছের লাজ
মেঠোপথ ধরে পায়চারি করে জ্যোৎস্না
আঁধারের হারিয়ে যাওয়াই কাজ।
দূর মাঠেতে বাঁশি বাজে
ছায়ার মাঝে আটকে থাকে, সুর
কান পেতে শোনো, ডাকছে বাদক
শূন্যতায় জড়সড় ঠোঁট, বেদনা বিধুর।
মাঠের পাশেই পথটা ধরে
বাউল গাইতো, দোতারা হাতে
কাদামাটিতে লেগে আছে পায়ের ছাপ
রাত গড়ালেই দেখবে তা, প্রভাতে।
একপাশে এক বাগানবাড়ি,
উঠোন ভরা হারিকেনের আলো
রোজ রাতে যে আসর জমে
মাচায় বসে গল্প চলে, বেশ ভালো।
পুকুর পাড়ে ঘাটের পাশে
চাঁদটা ভাসে, পানিতে দোলে
বাঁশ ঝাড়ের ঐ ছায়ার মাঝে
কি হবে বলো,চাঁদটা আটকে গেলে?
এ যেন ছলচাতুরী,
আঁধারের কাছে চাঁদের প্রশ্রয়
আলো পায়ে ভীড় করুক যতোই
চাঁদটা কিন্তু দূরেই থেকে যায়।
এইতো রাতের লুকোচুরি
দিনের সাথে ভারী
চাঁদটা বলে সূর্য ডুবলেই
আমিও বেশ উঠতে পারি।
২৭-০১-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।