নিঃশব্দের অতল জাগরণ
- পঙ্কজ শীল
অস্তিত্বের আবছায়ায় আঁকা এক অন্তর্লীন রেখা,
সময় দাঁড়িয়ে নির্বাক—তবুও কাঁপে তার নিরবধি শিরা।
চেতনার গভীরতম সোপানে, শূন্যতার ছায়ায় লুকিয়ে,
কোন অতিপার জিজ্ঞাসা আজও বয়ে চলে নির্ণিমেষ নিভৃতে।
প্রতিটি মুহূর্ত এক অনন্ত প্রতিচ্ছবি,
কখনো ছিন্ন, কখনো অটল—তবুও ক্ষয়িষ্ণু।
অপ্রকাশিত বেদনাগুলো রক্তবিন্দুর মতো ঝরে,
অথচ ব্যথারও কি কোনো ব্যঞ্জনা থাকে?
শব্দেরা কোথায় মিলিয়ে যায়?
নিঃশব্দের অতল গহ্বরে কি তারা ফিরে আসে?
নাকি সময়ের নিরব কাব্যে তারা হয়ে ওঠে
শুধুই এক অন্তঃশূন্য প্রতিধ্বনি?
অবশেষে,
রাত্রির মর্মর মেঘের নিচে দাঁড়িয়ে থাকে
এক নিঃসঙ্গ কবি,
যার কলমে আঁকা প্রতিটি শব্দ
প্রশ্ন হয়ে ঝরে পড়ে মহাকালের আঙিনায়।
০৫-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।