কল্পনারী ৩
- ফারহান নূর শান্ত
তুমি হাতের পাশে
খুব কাছের, ভীষণ রকম কেউ
তুমি স্নিগ্ধ বাতাসে
আদর আপোষের, এক সমুদ্রের ঢেউ।
তুমি সমুদ্রের পাড়ে
পায়ের ছাপ, তার পাশাপাশি আমার হাঁটা
তুমি অন্য এক পৃথিবী
সে সমুদ্রের বয়ে আনা জোয়ার ভাটা।
তুমি ঝিনুক কুড়োনো
দু হাত, নোনা পানির জল
তুমি আমার মাঝেই বাঁচো
আমার ভেতরেই তোমার নিবিড় চলাচল।
তুমি শেষ বিকেলের
হাওয়াই মিঠাই, উড়ন্ত সব মেঘ
তুমি সাঁঝ বাতির আলোয়
আমার লেখার অন্তমিলের ভাবাবেগ।
তুমি রাতের সমুদ্রে
শীতল বাতাস, সুবাস ছড়ানো চুল
তুমি আঁধারে উষ্ণ পরশ
আমার মুখ ঢেকে দেয়, তোমার শুভ্র আঁচল।
(২০২১)
২১-০২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।