নিভে যাওয়া প্রদীপের ভাষা
- পঙ্কজ শীল
সময়ের স্রোতে ভেসে চলা এক নাবিক,
আমার হৃদয় এক মরুভূমি—নিস্তব্ধ, শুষ্ক, ধূলিময়।
কোনো এক সন্ধ্যায়, পশ্চিম দিগন্তে রঙ মাখা সূর্য
আমার চোখের তারায় ছড়িয়ে দিলো এক ব্যথার রেখা।
নিভে যাওয়া প্রদীপের শিখা যেমন
দুঃখের বাতাসে কাঁপে—
আমার স্বপ্নগুলোও তেমনি নীরব আর ক্লান্ত,
তবু মোমের মতো গলে গলে ফোটায়
আলোকের শেষ দান।
আমি কি কুয়াশার দেশে হারিয়ে যাওয়া সেই নক্ষত্র,
যার আলো পৌঁছায় না কারো আকাশে?
নাকি কোনো ভুল নাম লেখা ছিল কপালে,
যার অর্থ বুঝতে গিয়ে ফুরিয়ে গেলো জন্মের আলো?
আকাশের বুকের গভীরে যে কালো পাখি উড়ে,
তার ডানার শব্দে আমি শুনি
এক হারানো গানের সুর—
যেন অনন্ত আকাশের মৌনতা ভেঙে
কাঁদছে দূরের এক উদাসীন ঈশ্বর!
১৮-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।