সমুদ্রের প্রতি চিঠি
- পঙ্কজ শীল
হে অনন্ত নীল, তোমার ঢেউয়ের গর্জন কি আসলে আমারই শ্বাসের প্রতিধ্বনি? আমি প্রতিদিন ডুবে যাই তোমার অতল অন্ধকারে, অথচ ফিরে আসি শূন্য হাতে—যেন তুমিই আমার সমস্ত আকাঙ্ক্ষার নির্লিপ্ত প্রত্যাখ্যান। তবুও কেন তোমার কাছে লিখতে বসি? এই যে জোয়ার-ভাটার চিরস্থায়ী দ্বন্দ্ব, তা কি আমার হৃদয়ের অস্থিরতারই প্রতিচ্ছবি নয়?
সমুদ্র, তোমার বুকে জন্ম নেয় কালো ঝড়, যেখানে আলো আর অন্ধকার মিশে একাকার হয়ে যায়। তুমি জানো, মানুষ কেবল দ্বিধাগ্রস্ত প্রতিচ্ছবি—তাদের শরীরের গভীরে জমে থাকা সমস্ত বেদনা তুমি নোনাজলে শুষে নাও। তবুও কেউ কখনো তোমার শূন্যতা বোঝে না, বোঝে না ঢেউয়ের অতল গহ্বরে লুকিয়ে থাকা শব্দহীন আহ্বান।
তুমি কি সত্যিই রহস্যময়? নাকি আমরা তোমাকে রহস্যময় করে তুলেছি, ঠিক যেমন মানুষের আত্মাকে বোঝার ব্যর্থ প্রয়াসে তার চারপাশে বুনেছি অদৃশ্য কুয়াশা?
আমি জানি, একদিন এই চিঠিও ঢেউয়ের ভিতর হারিয়ে যাবে, ঠিক যেমন আমাদের অস্তিত্ব একদিন অনন্ত জলধির মাঝে বিলীন হয়ে যায়। তবু আমি লিখি, যেমন তুমি অনন্তকাল ধরে ডেকে যাও দিগন্তের উদ্দেশে।
সমুদ্র, তুমি কি উত্তর দেবে? নাকি শুধু নিরবতার জলধ্বনি শোনাবে আমায়?
২১-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।