নিষিদ্ধ সম্পাদকীয়
- পঙ্কজ শীল
শব্দের শরীরে ক্ষত। অর্থের ভেতর কারফিউ। চিন্তার গলিতে নিভে যাওয়া লণ্ঠন, সেখানে রাত্রির নীল ছায়া মিশে গেছে নির্বাক ইস্তেহারে। শব্দগুলোকে সেন্সর করা হয়েছে, বাক্যগুলো গুম। কালি লাল হয়ে ওঠে, যখন মেঘের আড়ালে সূর্য একা কাঁদে।
আমরা সত্য লিখতে গিয়ে বারবার অন্ধকারে হাতড়াই, অথচ দেখি— প্রতিটি অক্ষর আমাদের মুখোশ হয়ে গেছে। সংবাদের কালো হরফে একেকটি আত্মা বন্দি, ইতিহাসের ধূসর পৃষ্ঠাগুলো রক্ত শুষে নিচ্ছে নিঃশব্দে। কী লিখব? এই নগরীর দেয়ালে দেয়ালে যে গোপন শিলালিপি খোদাই করা, তার প্রতিটি ছত্রে প্রহরীর চোখের দৃষ্টি!
যে সংবাদ ছাপা হয়নি, সেটিই তো আসল সংবাদ। যে সত্য বলা হয়নি, তার প্রতিধ্বনি ঘুরপাক খায় বাতাসে। আমাদের কণ্ঠে নিষিদ্ধ ঘোষিত শব্দের গুঞ্জন, অথচ আমরা উচ্চারণের আগেই অপরাধী। শিরদাঁড়ার ভেতর অদৃশ্য আতঙ্ক, কণ্ঠনালীর গহীনে আটকে থাকা সত্যের নীরব বিদ্রোহ।
এই সম্পাদকীয় কখনো প্রকাশিত হবে না, যেমন প্রান্তরের বিবর্ণ ঘাস জানে না মেঘের অপেক্ষার শেষ কবে। কিন্তু ইতিহাসের অবচেতনে রয়ে যাবে এক নিষিদ্ধ ঘোষিত পাণ্ডুলিপি— অক্ষরে অক্ষরে লিখে রাখা সত্যের অনিঃশেষ যন্ত্রণা।
২২-০৩-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।