তৃতীয় পৃথিবীর ডায়েরি
- পঙ্কজ শীল
জাগতিক রক্তচক্ষুর আড়ালে, আমি দেখি—
অদৃশ্য এক গ্রহ, যেখানে সময় নিজেকে পুনরাবিষ্কার করে প্রতিটি ক্ষণে।
সেইখানে চাঁদ উঠে না, কেবল নৈঃশব্দ্যের স্তম্ভ জ্বলে
নক্ষত্রের ছাইয়ের মতো ধীরে, নিঃশব্দে।
তৃতীয় পৃথিবীর আকাশ ধূসর নয়,
তাতে লেগে থাকে জ্ঞানচক্রের জটিল আঁকাবাঁকা রেখা।
মানুষেরা সেখানে কথা বলে না—
তারা প্রতিফলনের ভাষায় ভাব প্রকাশ করে,
চোখের গভীরতা মাপা যায় আত্মার স্পেকট্রাম দিয়ে।
ভবিষ্যতের ছায়া সেখানে অতীতের হিমালয়ে আশ্রয় নেয়
আর বর্তমান?
সে কেবল ক্ষণিকের ছায়াপথ, সময়ের অস্পষ্ট প্রতিচ্ছবি।
এই পৃথিবীতে মৃত্যু নেই, কেবল রূপান্তর আছে—
বর্ণের, ধ্বনির, এবং বোধের।
জন্ম হয় চিন্তার, অবয়ব নেয় প্রশ্নের,
আর প্রেম?
প্রেম সেখানে মহাকর্ষ নয়,
একটি বিপরীতমুখী মাধ্যাকর্ষণ
যা আত্মাকে বহির্জগতে নিক্ষেপ করে নি:সীম অন্বেষণে।
আমার ডায়েরির পাতায় পাতায় এঁকে রাখি সে জগতের ধ্বনি—
ভাষাহীন শব্দ, অক্ষরহীন চিত্র,
যা কেবল অনুভবেই বেঁচে থাকে।
আমি লিখি না, আমি অনুবাদ করি—
তৃতীয় পৃথিবীর একাকীত্বকে।
তুমি যদি কখনো ভুল করে পড়ে যাও এই ডায়েরির পাতায়—
জানো, এ আমি নই।
এ এক স্বগত রূপান্তর, এক বিপরীত প্রতিচ্ছবি,
যে নিজেকেই চেনে না, তবু জেনে যায় সব।
০৫-০৪-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।