আত্মকথন ১৩
- ফারহান নূর শান্ত
ভ্রান্ত সময়,
নিদারুণ ভাবনা,
মগ্নতা, উন্মাদনা
দৃষ্টি মাটিতে, আকাশে নয়।
আমি তো মাটিরই সৃষ্টি,
তাই, মাটি বড় টানে আমায়।
শিকড়ের নীচে ছড়িয়ে থাকা অতীত,
আজও কাঁদে
আমার নিঃশব্দ পায়ের ছাপ খুঁজে বেড়ায়।
খোঁজে কতশত করা ভুলের হিসেব-ক্ষত।
একেকটা নিঃশ্বাসে জানান দেয়
কত স্বপ্ন-সাধ পুষেছিলাম শৈশবে।
সে অপূর্ণ ইচ্ছেদের কাছে যাই,
আমি নিজেকেই দেখি - ফাকা হাতে দাঁড়িয়ে ।
সে আমি;
অচেনা, অস্পষ্ট,
কখনো আফসোস হয়,
কখনো আশা বাঁধি অপরিচিত এক ভবিষ্যতে ।
কিসের সন্ধানে ছুটে চলেছি এতদিন?
আকাশ? মুক্তি? না কি নিজেরই প্রতিচ্ছবি?
যা প্রতিবার উঠে দাঁড়াতে দাঁড়াতে,
ভেঙে পড়ে ধুলো হয়ে যায়।
সময় বলেছিল — ছোটো,দৌড়াও
আমি দৌড়েছি, হে সময়,
তোমার পেছনে সময় দিতে গিয়ে;
হারিয়েছি আত্মতৃপ্তি যোগানো কাজগুলো।
তবু সময়ের সাথে পাল্লা দিতে পারিনি কখনোই,
শুধু পেয়েছি কিছু রুক্ষ ধূলি,
কিছু অবর্ণনীয় সন্ধ্যা,ব্যর্থতার সনদপত্র।
আজ বুঝি,
কলমে কবিতা ঝরানো সে দিনগুলো,
আমাকে সুখ দিতো অগোচরে ।
আজ বুঝি,
গাছপালা,মাঠ,নদীর কাছে কিংবা
খোলা আকাশ, গভীর মাটির গর্ভেই পাবো
আসল সত্তার খোঁজ।
আমি শিখছি স্থির হয়ে থাকা,
মস্তিষ্কের ভেতর চালাতে হয় ভ্রমন।
সে ভ্রমন মানচিত্র পেরিয়ে চলে যায় মহাশূন্যে,
যে মহাশূন্যে থেকে ফিরে আসি,
মাটির সঙ্গে আত্মিক বন্ধনে।
৩০-০৫-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।