তুমি কেবল
- ফারহান নূর শান্ত
তুমি কেবল,
আমার চুপ করে থাকা দিনগুলোর -
শেষ বিকেলে,
এক টুকরো রোদ হয়ে থেকো।
আমার ক্লান্ত জানালার পাশে
লেগে থাকা,
এক ফোঁটা বৃষ্টি হয়ে থেকো।
আমার পুরোনো ডায়েরির ভাঁজে
হঠাৎ খুঁজে পাওয়া,
একটা চিঠি হয়ে থেকো।
আমার ফেরার পথে,
ঝরে পড়া,
পাতাদের মড়মড় হয়ে থেকো।
আমার সহস্র কবিতার,
অলিখিত
শেষ চরণ হয়ে থেকো।
আমার ঘুমহীন রাতে,
চুপচাপ জ্বলে ওঠা -
হাজারো জোনাকিপোকা হয়ে থেকো।
আমার অলিখিত শায়েরীর,
শেষ শব্দে,
অন্তমিলের মতো হয়ে থেকো।
আমার হারিয়ে যাওয়া
নির্বাসিত মনের জন্য,
“ফিরে এসো তুমি” হয়ে থেকো।
১৩-০৬-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।