ছোট্ট সে মেয়েটি
- ফারহান নূর শান্ত
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মায়ের ওড়না গায়ে জড়িয়ে শাড়ির মতো পরে নেয়।
আয়নার সামনে দাঁড়িয়ে,
ছোট্ট আঙুল দিয়ে
একটু একটু করে লিপস্টিক লাগায়।
আমি দেখি ছোট্ট সেই মেয়েটিকে।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মায়ের গামছা প্যাঁচিয়ে চুল বানায়, বিনুনি করে।
আয়নার সামনে দাঁড়িয়ে,
ঝাঁপটায় সে কাল্পনিক চুলের বেনি।
সে চুলে, নড়বড়ে দাঁত দিয়ে কামড় বসায়,
ফিক করে হেসে ওঠে আনমনে।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মায়ের ওড়ানায় বানানো শাড়ির আঁচল,
কোমরে গুঁজে ঘর গোছাতে শুরু করে।
বাবা ঘরে চলে এলে, তার দিকে রেগে তাকিয়ে বলে -
“দেখছো না ঝাড়ু দিচ্ছি, এখনই আসতে হলো তোমার”
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মায়ের মতো কপালে হাত দিয়ে বিরক্তি প্রকাশ করে।
যে - বলে বেড়ায় “আমি মায়ের মতো হবো”।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মায়ের মতো রাঁধুনি হওয়ার ভান ধরে।
তরকারিতে লবন ঠিক হলো কিনা,
ছোট ভাইকে চেখে দেখতে বলে।
তারপর, দুজন হেসে গড়াগড়ি খায় নিজের মতন।
বাবার জন্য চা বানিয়ে বলে,
দেখো তো চিনি ঠিক দিয়েছি কিনা!
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - নিজের পুতুলকে বউ সাজায়।
ঠোঁটে লিপস্টিক, হাতে-পায়ে
আলতা মেখে দেয়।
নিজের হাতের চুড়ি খুলে পরায় পুতুলের হাতে।
কপাল, ভ্রু এর ওপর ফোঁটা ফোঁটা বিন্দু আঁকে।
কল্পনায় কতবার বউ সেজেছে সে,
তার প্রতিফলন এ পুতুলের মুখে।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
এ ঘর ও ঘর ছুটে বেড়ায়।
হাতে রূপার চুড়ি, পায়ের নূপুরের শব্দে -
পুরো ঘর মুখরিত করে রাখে।
জানালার পর্দার আড়ালে লুকিয়ে ,
লুকোচুরি খেলে।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
কানে হেডফোন দিয়ে, বাবার হার্টবিট পরখ করে।
“আমি কিন্তু ডাক্তার। বেশি জোরে কথা বলবে না, হুঁ “
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
যে - মা রেগে গেলে, কাঁদলে মাকে মুখে তুলে খাইয়ে দেয়।
বাবাকে ধমক দিয়ে বলে, তুমি মাকে বকবে না।
মা সারাদিন কত কাজ করে দেখনা!
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
রাত হলে মায়ের ওপর গড়িয়ে পড়ে।
বাবা-মায়ের মধ্যিখানে নিশ্চিন্তে ঘুমায় পরম স্নেহে।
বাবার আঙুল, ভাইয়ের শরীরে হাত রেখে
ক্লান্তির ঘুম সেরে নেয়।
আমি দেখেছি ছোট্ট সেই মেয়েটিকে,
দিনরাত তছনছ করা শিশু - কত শান্ত ঘুমের ভেতর।
আমি দেখেছি ছোট্ট সে মেয়েটিকে,
শিশু মন, নারী, মা-মাতৃত্বের সত্তা ধারণ করে।
১৭-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।