শূন্য বুকে সমুদ্র
- ফারহান নূর শান্ত
সমুদ্র বিশাল,সমুদ্র জীবন্ত,
স্রোতের কাছে আমি অতি নগণ্য।
এই তো জানতাম,
এতটা জলে প্রেম থাকে
তা তো জানতাম না।
আমি দাঁড়িয়ে ছিলাম—
দূর থেকে দমকা হাওয়ার সাথে
জোরালো ঢেউ আসে।
এক ধাক্কায় বালু,পানি তীরে এসে জমে,
ভেজায় আমার পা।
সে ঢেউ এসেছে পায়ে চুমু খেতে।
হঠাৎ মনে হলো,
আমার ভেতরেও তো একটা স্রোত আছে—
যা কারোর স্পর্শে নদী হতে চায়।
হাওয়া এলো, এলোমেলো চুলের মাঝ দিয়ে,
যেন কোনো পুরোনো কবিতা উল্টে দিয়ে গেল হঠাৎ।
একটা শব্দ খুঁজে না পেয়ে,
ভেসে গেল অনেকখানি স্পর্শ, আমাকে ছুঁয়ে যাওয়া।
বাঁ দিকে তাকাতেই তোমার বিশালতা ছুঁয়ে দিলো বুক,
জীবনের কষ্টগুলো বালুর নিচে লুকিয়ে পড়ল তখনই।
সন্ধ্যেবেলা কাঁকড়া ফিরলো আপন গর্তে,
ঝিনুক-শামুকের প্রেমিকেরা চুপচাপ ঢেকে গেল বালির আলিঙ্গনে।
শুধু আমি ঠাঁয় রয়ে গেলাম দাঁড়িয়ে,
একটা বুক, দু হাত বাড়িয়ে।
সমুদ্র, তুমি এসে জড়িয়ে ধরলে,
আর আমি তোমার জলে ডুবে
একটু একটু করে মানুষ হয়ে উঠলাম।
এক শূন্য মানব,
শূন্য ছিলো এ বুক।
বলো সমুদ্র,
তুমি কি জানো—
প্রেম কেবল গ্রহণ বা ভাঙন নয়,
কখনও কখনও ঢেউ হয়ে ফিরে আসা!
২৪-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।