আত্মকথন ১৫
- ফারহান নূর শান্ত
আমার আলসেমি বিকেল।
ফাঁকা ঘর, বারান্দা
জানালার গ্রীলে বসে থাকা একটা পাখি;
টেবিলে এলোমেলো বই, খাতা-বলপেন
আর,আমার লিখতে না পারা অসংখ্য কবিতা।
আক্ষেপ জেদ, চুলচেরা সহস্র শব্দের যন্ত্রণা,
এসবই চলে রোজ।
একেকটি শব্দ যেন ব্যর্থ প্রেমিকের চিঠি,
খুললেই ধুলোর বদলে ওড়ে দীর্ঘশ্বাস।
চোখ লেগে আসা এ সময়ে,
সন্ধ্যা নেমে আসে পায়ে পায়ে - ধীরে ।
তবু মনে হয়, প্রতিদিন সন্ধ্যা নয়,
কোনো এক অপূর্ণ কবিতার ঝাঁক,
উপহাস রেখে যায় রাতের নামে।
বেখেয়ালে ছিটকে পড়া চা'য়ের ফোঁটা,
কল পাড়ের জলের আওয়াজ,
কেরোসিনের বাতি জ্বালানো ।
জীবনের এসব প্রাচীন প্রযুক্তি আমাকে এখনও জানান দেয়,
আমাকে ঘিরে বলে, আমি এসেছি কোত্থেকে।
চা'য়ের শেষ চুমুকের পর,
আঁধারে মিলে যাওয়া সূর্য।
যেন তারও অফিসের সময় শেষ,
বাড়ি ফেরার আগে বলে যায় ” কাল আসবো ফের ” ।
সে সন্ধ্যাতে, চাদর মুড়ি দিয়ে শীতের,
বাড়ির আঙিনায় ফেরা।
তারপর একা রাস্তায় চষে বেড়ানো আমি।
সামনে হেঁটে চলে যেতে থাকে অনুচ্চারিত কবিতার পায়চারি।
এইতো আছি,
এসব নিয়েই বাঁচি।
যেমনি গাছেরা বাঁচে,
প্রতিদিন তার কিছু পাতা ঝরিয়েই।
( ২০২১ এর শীতের সন্ধ্যায় )
৩১-০৭-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।