স্বাধীনতা।
- সজল মালাকার
তুমি গ্রীষ্মের কড়ারোদে
প্রশান্তির নিবিড় ছায়া,
তুমি ফসলের মাঠের
শস্য শ্যামলীয়ার মায়া।
তুমি বিলে-ঝিলে জলের
শাপলা শালুক পদ্মফুল,
তুমি কিশোরীর উন্মক্ত
মেঘবরণ দীর্ঘকালো চুল।
তুমি পাঠশালে কচিহাতে
লেখা প্রথম স্বরবর্ণটি,
তুমি অভিমানি শিশুর
তনু আবরণ ধুলোমাটি।
তুমি মহাবীরের শোণিতে
রঞ্জিত লোহিত রক্তিম-সূর্য,
তুমি স্বাধীনতাকামী সেনার
দীপ্তপ্রাণ, হস্তের রণ-তুর্য।
যুবকের ঊর্ধহস্তে প্রতিবাদ
স্লোগানে মুখরিত মিছিল,
তুমি জাগরণের জয়গান
শুভযাত্রা- বক্তৃতা বর্ণিল।
তুমি মায়ের স্নেহেরধন
মমতায় ঘেরা সুখনীড়,
তুমি কিশোরের প্রেমতৃষা
নেত্রকোণে স্বপ্নের ভিড়।
তুমি ব্যস্তরাস্তায় মোড়ের
করিম চাচার চা-দোকান,
তুমি সজীব, সুমনদের
আড্ডায় ওয়াহিদের গান।
তুমি তরুণীর নবযৌবন
প্রেমিকের প্রেম প্রনয়সুখ,
তুমি গৃহিণীর ঘর-সংসার
সহনশীলা নারীর দুখ।
তুমি শিল্পীর কারুকার্য
মজুরের হাড়ভাঙ্গা শ্রম,
তুমি রাখালের বাঁশরী
বাজে দিবানিশি হরদম।
তুমি সর্বব্যাপী, সর্বজনের
ধ্যানে-মনে বাস নিরন্তর,
স্বাধীনতা জাগ্রত চেতনা
অমর-নিত্য অক্ষয় চিরন্তন।
______*****______
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।