ভেজা দুপুরের কাব্য
- ফারহান নূর শান্ত
রোদ লুকিয়েছে মেঘের বুকে,
তবু শ্রাবণের কালি দিয়ে লিখি আমি।
মেঘের ভাঁজ থেকে উঁকি দেয়
নীরব, অবাধ অক্ষরগুলো।
গর্জনের মধ্যে নড়ে বসে বিরামচিহ্ন,
বৃষ্টি এলে ছাতার ছায়ায় বোনা যায় বাক্য।
বারিধারার টুপটাপ আঘাতে
জন্ম নেয় নতুন অনুচ্ছেদ,
যার প্রতিটি বাক্য ভিজে থাকে
অপেক্ষার ঘ্রাণে, নিঃশব্দে।
রংধনু—কাল্পনিক এক অতিথি,
যার উপস্থিতি গল্পকে রঙিন করে,
কিন্তু কখনও ছুঁয়ে যায় না বাস্তবে।
হঠাৎ চলে আসে কালো মেঘ,
এক অনিশ্চয়তার আড়ালে,
তাতে অসমাপ্ত বাক্যের ধুকপুকানি।
তারপর আসে আলো,
আসে কোমল রোদ,
যা আঁধারের চেয়ে দীর্ঘস্থায়ী,
যা শব্দের চেয়ে ঢের গভীর।
তখন বোঝা যায়,
লেখার তাগিদে, এক জীবনের কাব্য রচনার জন্য
একটা ভিজে দুপুরই যথেষ্ট।
১৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।