ছায়া শরীর
- ফারহান নূর শান্ত
ছায়া শরীর
- ফারহান নূর শান্ত
ছায়া কেন শরীর হতে জানে না?
রক্ত মাংসে গড়া শরীর।
আমার রক্ত-মাংসে বোনা এই দেহ,
অস্থি জানে জীবনের ওজন।
সময়ে ভেসে বেড়ায় নীরব ধারের মতো।
তবু আমার পাশে যে অনন্ত লতাপাতা,
তার নাম ছায়া।
আমার ছায়া, চোখে ধরা যায়, কাঁধে নয়।
সে জানে না স্পর্শ, সে জানে না ব্যথা,
জানে না রক্ত, জানে না ঘামের গন্ধ।
সে আলোর সঙ্গে খেলা করে,
জানে কেবল আলোর অনুপস্থিতি।
সে আমার মতো ক্ষুধার্ত নয়,
তৃষ্ণার্ত নয়,
তৃষ্ণায় খোঁজেনা পানি।
কেবল আমার আকার ধার করে,
নিজেকে ভরিয়ে রাখে শূন্যতায়।
আমি ছায়ার দিকে তাকাই,
সে যেন আমার চুপচাপ অন্তর্দৃষ্টি,
বলে না কিছু, তবু সব বোঝায়।
আমি বাস্তব, অথচ ক্ষণস্থায়ী
ছায়া অবাস্তব, অথচ অনন্ত।
আমি বাস্তব, সে কল্পনার আলো,
আমি হৃদপিণ্ডের শব্দ, সে নীরবতার সুর।
আমি মরে গেলে,
আমার ছায়া অন্ধকারের সঙ্গে মিশে যাবে,
তবু অন্ধকারের ভেতর তার শোক থাকবে না।
বাজবে না কোনো ভায়োলিন।
এই আলো ছায়া খেলা, এই অদৃশ্য সংলাপ,
প্রতিদিন আমাকে মনে করিয়ে দেয়,
আমরা দুজনই, এক অপরের অসম্পূর্ণতা।
যতক্ষণ আলো আছে,আমরা পাশাপাশি হেঁটে যাই।
আমি শরীর হয়ে, সে দর্শন হয়ে।
২৩-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।