ভোরনামা
- ফারহান নূর শান্ত
সদ্য ভূমিষ্ঠ হওয়া শিশুর মতন,
আমি তাকিয়ে থাকি।
দেখি, পৃথিবীর চোখ ধাঁধানো আলো।
পৃথিবী কি সত্যিই নতুন,
নাকি প্রতিদিন পুরোনো মৃত্যুর ভেতর থেকে
জন্ম নিচ্ছে নতুন ভোর?
ভোরের নরম রোদ মেখে ওঠা সূর্য,
আঙুলের ফাঁক বেয়ে ছুঁয়ে যায় কপাল।
যেন মায়ের এঁটে দেওয়া অদৃশ্য চুম্বন।
যার কুসুম-কোমল উষ্ণতায় জন্ম নেয়,
দিনের প্রথম দুধসাদা হাসি।
হঠাৎ মনে হয়,
এই আলো আসলে কেবল রোদ নয়
এ এক অনন্ত জন্মসূত্র।
আমি তাকিয়ে থাকি, জানি
প্রতিটি ভোরই আসলে
আরেকটি জন্ম।
যে জন্ম ফিরে আসে রোজ,
ঘুমের দেশ হয়ে।
যে ঘুমের পর প্রতিদিন আমি
আবার নতুন হয়ে উঠি,
শিশুর মতো বিস্ময়ে।
আর প্রতিটি জন্মের সঙ্গে
গোপনে হাঁটে আমাদের মৃত্যুর ছায়া।
প্রতিটি সকালই এক সম্ভাবনা দ্বার,
হয় আলো, নয়তো অন্ধকার।
২৭-০৮-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।