ছায়ার বীজ
- ফারহান নূর শান্ত
ছায়া না’হয় সরে যাক অভিমানে,
আমি রোদকে বুক দিয়ে আগলে রাখবো।
কেননা, মানুষ জন্ম থেকেই আলো খোঁজে
কখনও, তার ভেতরেই ঘনিয়ে থাকে অন্ধকার।
সে অন্ধকার যদি আঁকড়ে ধরে চুলের গন্ধ,
আমি ভোরের বেলা, ছড়িয়ে দেব শিউলির সুরভি।
ঝড় এলে ভাঙুক গৃহদ্বার,
কেঁপে উঠুক পথঘাট।
আমি হৃদয়ের মাঝে, গড়ে নেব নতুন আকাশ।
পৃথিবী যেমন ঘোরে নিজ অক্ষের চারপাশে,
তেমনি আমরা ঘূরি নিজের ক্ষত আর স্বপ্নের বৃত্তে।
হাসি ও কান্না, এ দুই আমাদের সম্বল।
অভিমান শুধু পথের ধুলো,
যা ঝরে যায় সময়ের বাতাসে।
সে সময়ে ,
শব্দ জন্ম নেবে শঙ্খের মতো।
যেখানে নক্ষত্র গাইবে স্বপ্নের জপমালা,
সেখানে হয়তো আমি আবার ফিরবো।
চোখে এক চিলতে বৃষ্টির ভেজা আলো,
সাথে এক অব্যক্ত অগ্নিবীণা।
জীবন এক দীর্ঘ যাত্রা,
যার প্রতিটি মোড়ে মৃত্যুর ছায়া দাঁড়িয়ে থাকে।
তবু আমরা হাঁটি,কারণ চলাটাই আমাদের সত্যকর্ম।
জীবন পূর্ণ হয় না কেবল অর্জনে;
কখনও গভীরতা মাপতে হয়, ব্যর্থ রাতের নিঃসঙ্গতায়।
তাই ছায়া যদি সরে যায়, তাকে যেতে দাও অভিমানে।
অভিমানও একদিন আলোকে জন্ম দেয়,
যেমন রাত্রি না হলে ভোরের গান জন্ম নেয় না।
আমাদের অভিমান, ক্ষত, প্রতিটি অশ্রু আর ব্যর্থতা
আসলে একেকটি ছায়ার বীজ,
যা অভিমান পেরিয়ে আলোতে ফুটে ওঠে।
সেই আলোকেই মানুষ শেখে,
জীবন মানে কেবল ছায়া এড়িয়ে চলা নয়,
জীবন মানে ছায়াকেও আপন করে চলা।
x
০৭-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।