মনে পড়ার অসুখ
- ফারহান নূর শান্ত
তোমাকে মনে পড়া মানে,
অচেনা কোনো শহরে দাঁড়িয়ে-
হঠাৎ নিজের নাম ভুলে যাওয়া।
হৃদয়ের ভেতর প্রতিধ্বনি বাজে,
সে কণ্ঠস্বর আসলে কারও নয়।
তোমাকে মনে পড়া নীরব এক অভ্যাস,
যেমন সন্ধ্যায় আলো কমে এলে
আকাশে রোজ জেগে ওঠে তারা।
হাতের কাছে বইয়ের পাতায়,
তোমার কথা ঝরে আসে নিঃশব্দে।
শব্দের ফাঁকে ফাঁকে,
তুমি জড়িয়ে থাকো চেনা অক্ষরের উষ্ণতায়।
আমার কবিতার খাতা খুললেই দেখি,
শব্দেরা সব দগ্ধ রোগীর মতো ঝলসে আছে।
আমি যত পড়ি, যত লিখি
তাদের শরীর থেকে রক্ত ঝরে।
আমার চোখে জমে ওঠে, একটা অসুস্থ সমুদ্র।
তবুও আমি প্রতিদিন পড়ি, লিখি
আমার এ অসুখ সারায় না কোনোও কবিতা।
আমি বুঝি, তোমাকে মনে পড়া মানেই,
বেঁচে থাকারই আরেক নাম।
২৮-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।