হারিয়ে যাচ্ছে আকাশ
- ফারহান নূর শান্ত
বদ্ধ ঘরের জানালাটা
আকাশ খুঁজে বেড়ায়।
বাইরে দাঁড়িয়ে আছে অগণিত ইলেকট্রিক তার,
তাদের বুক জুড়ে ঝুলে আছে, কাটা ঘুড়িদের দল।
শহরটা এখন,
ভোরকে রক্তিম করতে পারেনি।
নিওনের আলোয় ভিজে আছে দোকানির চশমা।
ফ্লাইওভারের নীচ জমে থাকে-
পলিথিনের মতো কত ছেঁড়া স্বপ্ন।
একটা মেয়ে, মায়ের সাথে দাঁড়িয়ে আছে বাসস্ট্যান্ডে-
তার হাতে ধরা বাহারি রঙের হাওয়াই মিঠাই।
অন্য হাতে গুটিকয়েক বেলুন,
সেও আকাশ খুঁজে বেড়ায় বেলুন ওড়াবে বলে।
অফিসপাড়ার টিফিন ক্যারিয়ারে ভাতের গন্ধ,
ধূসর দেয়ালে টাঙানো একটা বিজ্ঞাপন চিৎকার করে বলে-
জীবন বদলাতে চাও? তবে লোন নাও!
জীবন কি আসলেই বদলায়?
নাকি শুধু হাঁপাতে থাকে আমাদের পকেট আর সামর্থ্য?
হাসপাতালের ওয়ার্ডে বসে থাকা এক বাবা
তার সন্তানের ওষুধের দাম গুনছে নীরবে।
এ হিসেব যেন, তার আঙুলের কড় আর সাধ্যের বাহিরে।
পেট্রোলের দামে উষ্ণতা বাড়িয়েছে রাস্তা,
নদী, ডোবা ভরে উঠেছে বর্জ্যের তোপে,
মশার মতো জন্ম নিচ্ছে নতুন অগণিত ঝামেলা।
যেন শহরটাই এক অবিরাম রোগ,
যার প্রেসক্রিপশন নেই কারোর হাতে।
বদ্ধ জানালা আবার তাকায় দূরে,
আকাশ এখানে কেবলই টুকরো টুকরো।
বিল্ডিংয়ের ভাঁজে আটকে থাকা,
একটুকরো নীল, লুকিয়ে থাকে মায়ের আঁচলে।
কেউ জানে না, কতটা নিঃশ্বাস, দীর্ঘশ্বাস
পাথরের মতো জমে আছে এই শহরে।
কেউ জানে না, জানালার কাঁচ ভেঙে দিলে
আকাশ কি সত্যিই নেমে আসবে
আমাদের চায়ের কাপের পাশে?
নাকি আরও একবার,
আমাদেরই মতো হারিয়ে যাবে কোলাহলের ভিড়ে।
যেখানে চোখ আটকে থাকে,
যেখানে আকাশ চুরি হয়ে যায় দালানের ভিড়ে।
যেখানে গাছেরা হাত ছড়িয়ে ছায়া দিতে পারেনা।
যেখানে পাখিরা আশ্রয়হীন হয়ে পড়ে,
যেখানে আকাশ যেন মরীচিকা হয়ে আছে।
তবুও মানুষ প্রতিদিনই হাঁটে,
ভিড়ের স্রোতে গলা ডুবিয়ে খোঁজে একফালি নীল।
যেন প্রতিশ্রুত কোনো মুক্তি,
যা আসেনি এখনো, আসবেও না হয়তো।
এখানে আকাশ ছোট হয়,
এখানে আকাশ হারিয়ে যায়,
এখানে আকাশ গিলে খায় শহরের দালান।
৩০-০৯-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।