আমি সত্যিই মানুষ?
- ফারহান নূর শান্ত
আমি বাকরুদ্ধ, আমি দাস
আমি বিবেক বর্জিত সর্বনাশ
আমি মনুষ্যত্বহীন, আমি গোলাম
আমি অন্ধ, অন্ধত্ব বরণ করলাম।
আমি রাজনীতি আহার করি
আমি রাজনীতির তরে মানুষ মারি
আমি যা করি, তা ধর্মীয় বিধানের মতো
আমি ভুলে যাই মরতে হবে, ভাববো নাতো।
আমি ভুলে যাই আমি মানব সন্তান,
আমি ভুলে গিয়ে কাড়ি মানুষের প্রাণ।
আমি নিকৃষ্ট হতে ভালোবাসি সদা,
আমি নামাজ, রোজা করি রোজ কাযা।
আমি ধ্বংসের নেশায় মত্ত, দ্বিমত মানিনা
আমি নিজের মতবাদ, চাপাতে ছাড়িনা।
আমি আদর্শ গিলে খাই কুরুচিতে,
আমি নীতির বুলি ওড়াই, মুখোশেতে।
আমি নীরব থাকি যখন সত্য মরে যায়,
আমি চিৎকার করি যখন মিথ্যা ভয় পায়।
আমি শিকারকে দোষী বানাতে জানি খুব,
আমি খুনিকে বলি, সময় ছিল প্রতিকূল।
আমি স্ক্রিনে কাঁদি, বাস্তবে ফিরাই মুখ,
আমি লাশ গুনি সংখ্যায়, ভুলে যাই দুঃখ।
আমি রক্ত দেখি, তবু হাত ধুই শান্তিতে,
আমি দায় চাপাই ইতিহাস, সময়, পরিস্থিতিতে।
আমি মানুষ, আমি মানুষ
আমি শ্রেষ্ঠ জীব, জানো কি?
আমি মানুষ, আমি মানুষ
আমি সত্যিই মানুষ? সত্যি কি?
১৩-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।