সুখে থেকো তুমি
- মোঃ তারেক মিয়া
শহরের বুকে জমেছে কুয়াশা
হৃদয়ে জমেছে ধুলো,
একসাথে দেখা স্বপ্নগুলো আজ
হয়ে গেছে সব এলোমেলো।
তুমি আছো বেশ তোমার মতন
অন্য কারো হাত ধরে,
আমি একা বসে বিষাদ বুনি
পুরানো স্মৃতির ঘরে।
বিকেলের সেই চেনা রোদটুকু
এখনো আগের মতো হাসে,
শুধু তোমার সেই মিষ্টি গলার সুর
আর ফেরে না আমার পাশে।
যে পথে আমরা হেঁটেছি দুজনে
সে পথ আজ বড় অচেনা,
বুকের ভেতর জমানো যাতনা
কেউ তো আর দেখে না।
মাঝরাতে যখন নিঝুম চারপাশ
জানলার গ্রিলে মাথা রাখি,
অশ্রুরা সব বেইমানি করে
ঝরতে থাকে দুই আঁখি।
ক্ষমা করে দিও যদি কোনো দিন
হঠাৎ মনে পড়ে আমায়,
জানি ব্যস্ত তুমি অনেক বেশি
রঙিন পৃথিবীর সীমানায়।
আমি না হয় এই আঁধারেই রবো
নিভৃত এক কোণে,
তুমি থেকো সুখে অন্য কারো হয়ে
অন্য কারো মনে।
১৮-১২-২০২৫
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।