পারি না লিখিতে কবিতা আর
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
পারি না লিখিতে কবিতা আর
শুধু ঘোলাটে দু’চোখ মেলে দেখি আর দেখি,
সুন্দর হারিয়েছে অসুন্দরের রাক্ষুসী ক্ষুধায়
বেদনার নীল জলে শিব নিয়েছে বিদায়।
সত্য মরেছে অসত্যের রুদ্র বীণার ঝঙ্কারে
সত্যম শিবম সুন্দরম কহে না কেহ আর
আকাশের গাঢ় নীলে আঁকা ছবি বেদনার।
আমি যে দেখেছি ভেসে যায়, ভেসে যায়
হাজার হাজার সত্যের লাশ, ক্ষুধিত আত্মার হাহাকারে,
উৎপীড়িত মানুষের ক্রন্দনে সুন্দর নিয়েছে বিদায়।
কণ্ঠে আমার বেদনার রাগিণী করে হায় হায়!
বাজাতে পারি না আনন্দের সুর, সব গান বেদনা বিধুর।
অন্ধকারে অসহ্য কুয়াশায় নির্বাপিত আলো
ব্যর্থতার বেদনায় সব হয়ে গেছে কালো।
একদিন ভেবেছিনু সাধবো নতুন সুরের রাগিণী
আলোর ঝলকে, প্রেমের আলোকে, লিখবো নতুন বাণী।
আঁধারের প্রেতপুরী হতে কারা এসে ঐ কেড়ে নেয়,
কেড়ে নেয়, আমার সাধের বাঁশরী।
স্বপ্ন টুটে যায়, আলো নিভে যায়, বীভৎস অট্টহাসিতে
দিশাহারা পথভ্রান্ত পথিক আমি। ফুল ফুটাতে
পারি না, কবিতা লিখিতে পারি না, পারি না বাজাতে বাঁশী।
সত্য সুন্দর আর শিবের ধ্যান করিতে পারি না,
পারি না লিখিতে কবিতা আর।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।