হাঁটছে ওরা কারা
- শেখ মাফিজুল ইসলাম
একুশের চেতনা আষ্টেপৃষ্ঠে বেঁধেছে আমাকে,
জেদী বর্ণমালা খুলে দিয়েছে চোখের ঠুলি;
ওদের দাউদাউ আগুনের নীল শিখা বাংলার
আকাশ ছুঁয়েছে যখন, বিস্ফারিত দুই চোখে
দাঁড়িয়েছে রক্তস্নাত ভোর; ক্রন্দনরত শিশুর
মাথা ছুঁয়ে শপথ নিয়েছি, রত্নগর্ভা মায়ের পা-ছুঁয়ে
ঝাঁপিয়ে পড়েছি শত্রু নিধনে। টগবগে তারুণ্যের
বুকে ছিল আশ্বাস- আমরা জিতবোই।
তীব্র প্রতিরোধে আমরা যখন মুখর, ক্ষত-বিক্ষত
সঙ্গীদের তুলে নিয়েছি কাঁধে, হেঁটেছি মাইলের পর মাইল--
শুষ্ক কন্ঠনালী, পরিশ্রান্ত দেহ, কতোবার বিদ্রোহ করেছে,
তবু আমরা থামিনি। রক্ত দিয়ে, জীবন দিয়ে.
ইজ্জতের বিনিময়ে বাংলার আকাশে এসেছে রক্তিম ভোর।
তবু লাখো কন্ঠে ধ্বনিত হয় আমরা কী পেলাম--
স্বাধীনতার আর্তনাদ শুনি- আমরা কী কেনা গোলাম?
হিসাব মেলাতে পারিনা, রক্তে আগুন জ্বলে;
দেশের মাটিতে পা রেখে হাঁটছে ওরা কারা?
কেউ আঙ্গুল ফুলে বটগাছ, কেউ-বা সর্বহারা।
একাত্তরের হায়নার আত্মা এখনো বিরাজমান,
কবে হবে অবসান।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।