বেদনার বিষে নীল
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
এক চিলতে আকাশ,
একখণ্ড ভূমি, তারাভরা প্রদীপ্ত পৃথিবীর বুকে
আমি এক সাগর কন্যা।
এক বুক জ্বালা, দুর্বহ হতাশা,
মৃত্যু, ভয়, বিভীষিকা।
শ্বাপদ সহস্র পশুর গোঙ্গানী।
লক্ষ লক্ষ বুভুক্ষ আত্মার
অশান্ত ক্রন্দনে,
নারীত্বের অসহ্য অপমানে,
আগুনের লেলিহান শিখা জ্বলে
হৃদয়ের মণিকোঠায়।
এক চিলতে আকাশ,
একখণ্ড ভূমি, তারাভরা
প্রদীপ্ত পৃথিবীর বুকে
আমি এক সাগর কন্যা।
বেদনার বিষে নীল।
বৃথা খুঁজে মরি
আলো ঝলমলে উজ্জ্বল পৃথিবী,
নীলাভ রঙিন ফুরফুরে দিনে,
নিকষ কালো ঘন আঁধারে
ঢেকে যায় দু’চোখ আমার।
বুকে ঠকঠক, অগণিত হায়েনার
অশান্ত গর্জন।
ছুটে যাই অশান্ত আবেগে
দূরে, বহুদূরে বালুকার সাগরে,
খুঁজে মরি মুক্তির অনির্বাণ শিখা।
চারিদিক হতে
ছুটে আসে অসংখ্য শৃঙ্খল,
বন্দী আমি
তারাভরা প্রদীপ্ত পৃথিবীর বুকে,
আমি এক সাগর কন্যা।
বেদনার বিষে নীল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।