মহাকাল
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
তুমি নূপুরের নিক্কন বাজিয়ে
রঙিন ফানুস আকাশে উড়িয়ে
তব মরালী গ্রীবা রক্তচন্দনে
রাঙিয়ে, বাঁশরী বাজাও ফাগুনে।
যুগে যুগে চপল নৃত্যের ছন্দে
সবুজ ভেলভেটে, বকুল গন্ধে
এসেছে চঞ্চলা উর্বশী যেন,
স্খলিত বসন উদাসী হেন।
একহাতে তব ধ্বংসের বাঁশী
আর হাতে নব সৃষ্টির হাসি,
উড়াও তব বিজয় কেতন
শ্যামলে সবুজে সৃষ্টি নতুন।
তব মদির কটাক্ষ হানিয়া
নব জীবনের বাণী আন বহিয়া
ঊর্মি দোদুল সাগরের বুকে
হে মহাকাল! স্মৃতি রাখ সুখে।
নবীন আলোকে, নব ছন্দে চল
চলার ছন্দে কালের কথা বল
জোছনা ছড়ানো আকাশখানি
কোটি প্রেমিকের সাক্ষী জানি।
কালের গর্ভে হারায়নি তো কিছু
উদ্দাম নৃত্য সব চলে পিছু।
থামাও এবার ধ্বংস বিষাণ
বেদনা সিন্ধুতে ব্যথার গান।
নিরন্ধ্র আঁধারে কোটি প্রেমিকের
আকুল কণ্ঠের মিনতির জের
শ্রবণে পশিছে তব প্রতিদিন
কালের গর্ভে হয়নি তো বিলীন।
ভাঙ্গিছে গড়িছে প্রতিদিন সৃষ্টি
কিছুইতো এড়ায়নি তব দৃষ্টি
পৃথিবীর চিরন্তন প্রেমিকা
ইতিহাস তব ললাটে লেখা।
অবিরত উদ্দাম তব গতি
কালের গর্ভে রেখে যাও স্মৃতি।
রক্তসিধুর তব ললাটে আঁকা
তব পথের দিশা যে আঁকাবাঁকা
ক্লান্ত হওনি কোনকালে কভু
বিসর্পিল পথে চলেছ তবু
সাক্ষী তুমি সব আদি অন্তের
সাক্ষী তুমি সোনালী দিগন্তের।
নূপুরের নিক্কন বাজিয়ে চল
বল তুমি যুগান্তের কথা বল।
তোমার গর্ভে বিলীন কত কাল
নৃত্য বিভোর ওগো মহাকাল।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।