যুগান্তরের ঘূর্ণিপাকে
- সালেহা বড়লস্কর - বলাকারা চিরদিন ওড়ে
যুগান্তরের ঘূর্ণিপাকে ক্রন্দন ধ্বনি
অবিরত বেজে উঠে কালের আবর্তে।
যুগে যুগে, কালে কালে কলুষিত মর্তে
নীরন্ধ্র অন্ধকারে বিষাক্ত বাণী শুনি।
প্রদোষ বেলায় প্রলয় তাণ্ডব নৃত্য
দেখনি’ক তুমি বিস্মিত দু’চোখ মেলে,
দেখেছি তো আমি প্রাণের বেদন ঢেলে
ঝঞ্ঝা ঘূর্ণি প্রলয় এই তো চিরসত্য।
সীতার ক্রন্দন, সতীর ক্রন্দন আর
রাধা, মহুয়া, শকুন্তলার আকুলতা
যুগে যুগে যেন সব একই বারতা।
বেদনা, অশ্রু সব যুগে একই গাঁথা।
সব যুগে সব কালে সেই এক ব্যথা।
রূপে, গানে, ছন্দে ফিরে আসে বারবার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।