অচেনা আমি
- মোঃ তারেক মিয়া

আয়নার কাঁচ ঝাপসা বড়ই, ছায়াটা মলিন লাগে
নিজেরই ওপর বৃথা আক্রোশ গভীর নিশীথে জাগে।
সবাই সাজায় সাফল্যের ঘর, আমি শুধু বুনি ভুল,
অবেলায় যেন ঝরে পড়ে যাওয়া নামহীন এক ফুল।

কণ্ঠস্বরে জড়তা আমার, মুখেতে ক্লান্তির ছাপ
নিজের সাথেই কাটছে সময় যেন এক দীর্ঘ অভিশাপ।
অন্যের মাঝে আলো দেখি শুধু, নিজের আঙিনা অন্ধকার,
ক্ষয়ে যাওয়া এক নৌকার মতো আমি বইছি নিজেরই ভার।

ইচ্ছেগুলো দেয়াল বন্দি, স্বপ্নরা বড় পর
নিজের ভেতর নিজেই আমি আগন্তুক এক ঘর।
যাকে ভালোবেসে আগলে রাখার কথা ছিল দিনরাত,
সেই 'আমি' আজ বাড়িয়ে দেয়নি নিজেরই দিকে হাত।


১০-০১-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।