একদিন কাছে পেয়েছিলাম
- পাপন বসুনিয়া

একদিন আমি কাছে পেয়েছিলাম তোমাকে—
এই ব্যস্ত শহরের এক অনাত্মীয় বিকেলে,
যেখানে বাসের কাচে ধুলো জমে থাকত,
আর মানুষের চোখে জমে থাকত ক্লান্ত সময়।

আমি তখন জানালার পাশে বসেছিলাম,
হাতের ভাঁজে জমে থাকা দুপুরের অবসাদ নিয়ে—
তুমি এসে বসে সামনের সিটে,
খোলা চুলে, হালকা নরম বাতাসে।

হাওয়ায় তোমার চুল সরে গিয়েছিল পেছনে,
আর অচেনা এক গন্ধ—
কোনো নাম-না-জানা শ্যাম্পু,
কিংবা ভেজা রোদের মতো কোনো সুবাস—
আমার নিঃশ্বাসে এসে থেমে গিয়েছিল।

সেই ক্ষণিক গন্ধে সময় থমকে দাঁড়িয়েছিল,
যেন পৃথিবী এক মুহূর্তে
নিজের সমস্ত শব্দ নিঃশেষ করে
আমাদের দিকে তাকিয়ে ছিল।

আমি কিছু বলিনি—
তুমি ফিরেও তাকাওনি,
বাসের কোলাহলে হারিয়ে গিয়েছিল
সব সম্ভাব্য শব্দ।
তবু জানতাম,
এই নিরবতাই ছিল আমাদের একমাত্র পরিচয়—
দুই অচেনা মানুষের মাঝে
অদৃশ্য কোনো নদী বয়ে চলছিল।

একদিন আরও কাছে পেয়েছিলাম—
শুধু বসার দূরত্বে নয়,
আরো একটু ভেতরে, আরো একটু জীবনে।
হয়তো কোনো বিকেলের শেষে,
যখন শহর ক্লান্ত হয়ে পড়ত,
আর গাছেরা ছায়া ফেলত রাস্তার বুকের ওপর,
আমি জিজ্ঞেস করিনি তোমার নাম,
তোমার ইতিহাসও নয়—
শুধু বলেছিলাম,
“এই মুহূর্তটা কি একটু থামতে পারে?”

তুমি হালকা হেসেছিলে,
চুল সরিয়ে কানের পেছনে নিয়েছিলে,
আর আমি দেখেছিলাম—
একজন মানুষ কীভাবে
একটি বিকেলকে সম্পূর্ণ করে তোলে।
তোমার চোখে ছিল
দূরের কোনো গ্রামের মতো নীরবতা,
যেখানে ধানক্ষেতে হাওয়া চলত
কোনো শব্দ ছাড়াই।

একদিন আমি কাছে পেয়েছিলাম তোমাকে—
হয়তো কিছুই বদলায়নি,
তবু জীবনটা
আরেকটু সহনীয় হয়েছিল,
আরেকটু নরম,
আরেকটু মানুষের মতো।


স্মৃতিঃ ২০২৩


০২-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।


slot gacor 2026 slot gacor situs slot gacor 2026