পাওয়া না পাওয়ার মাঝে
- মোঃ তারেক মিয়া

এক চিমটি রোদ, এক মুঠো মেঘ
মনের আঙিনায় ঝরে,
কিছুটা পাওয়ার পূর্ণতা নিয়ে
প্রেম এসে ভিড় করে।

সেদিন ছিল না নাওয়া আর খাওয়া
ছিল শুধু পথ চলা,
চোখে চোখ রেখে হাজার বছর
নিভৃত কথা বলা।

বুকের পকেটে জমা ছিল কিছু
শিমুল তূলোর হাসি,
তুমি বলেছিলে, হারিয়ে গেলেও
তোমাকেই ভালোবাসি।

সেই পাওয়াটুকু ছিল ধ্রুবতারা
বেঁচে থাকার এক গান,
মরুর বালিতে খুঁজে পাওয়া যেন
এক চিলতে উদ্যান।

অথচ সময় বড় বেয়াড়া
রঙ বদলে দেয় দ্রুত,
ছিঁড়ে যায় জানি অলক্ষ্য টানে
বিশ্বাসের সেই সুতো।

পাওয়া গুলো সব ফিকে হয়ে আসে
না পাওয়ার ভিড়ে আজ,
স্মৃতিরা কেবলই দিয়ে যায় মনে
বিঁধিয়ে তীক্ষ্ণ ভাঁজ।

বিরহ মানে তো বিচ্ছেদ নয়
হৃদয়ে পুষে রাখা ক্ষত,
না-পাওয়ার ব্যথা বয়ে বেড়ানো
ঠিক ছায়ারই মতো।

আজও আছে নদী, আজও আছে ঘাট
নেই শুধু হাত ধরা,
বিকেলের আলোয় দীর্ঘশ্বাস
শূন্যতা দিয়ে গড়া৷

তবু এই প্রেম সার্থক বড়
ব্যর্থতা শুধু সাজে,
তুমি মিশে আছো
পাওয়া আর না-পাওয়ারই মাঝে।


১৪-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।