ফিরে আসা
- মোঃ তারেক মিয়া
কিছু জিনিস ভাঙে শব্দ কইরা
কিছু জিনিস ভাঙে নিঃশব্দে।
যেগুলা নিঃশব্দে ভাঙে,
সেগুলা আর জোড়া লাগে না।
ছোটবেলায় হারাইছিলাম একটা বিকাল।
বাড়ির সামনে খেলতে খেলতে
হঠাৎ দেখি সবাই বড় হইয়া গেছে।
আমি ডাকছিলাম আগের দিনেরে
কেউ সাড়া দেয় নাই।
শৈশব চইলা গেলে...
পিছন দিয়া দরজা বন্ধ কইরা যায়।
একবার বুকের ভিতর একজনরে রাখছিলাম
খুব যত্ন কইরা।
সে কইছিলো
“আমি আছি।”
এই দুইটা শব্দে
আমি ভবিষ্যৎ বানাইছিলাম।
তারপর একদিন
শব্দ দুইটা মুইছা গেলো।
আগে বদলাইলো মানুষ টা
পরে অর্থ হারাইল প্রতিশ্রুতি।
আমি শিখলাম
কথা থাকে না,
মানুষও না।
বাবার কাঁধে চইড়া হাটার স্মৃতি আছে,
বাবা নাই।
মায়ের হাতের ভাতের স্বাদ আছে,
মা নাই।
বন্ধুর হাসির প্রতিধ্বনি আছে,
বন্ধু নাই।
সবাই গেলে
কিছু না কিছু রেখে যায়
কিন্তু নিজেরে রেখে যায় না।
আমি অনেকদিন দরজার দিকে চাইয়া থাকতাম।
এখন চাই না।
কারণ বুঝছি
ফেরত আসা মানে লজ্জা,
আর মানুষ লজ্জা পছন্দ করে না।
রাইতে ঘুম ভাঙলে
আগের মতো আর কারও নাম ধরি না।
কারণ নাম ধরলে
শুধু শূন্যতা সাড়া দেয়।
একটা সময় ছিলো
ভাবতাম অপেক্ষা করলে মানুষ ফেরে।
এখন জানি
অপেক্ষা শুধু মানুষরে বুড়া করে,
ফেরায় না।
যা যায় তা নিজের সাথে
আমার সরল বিশ্বাসটুকু
আমার অল্প হাসিটুকু
আমার একটু নরম মনটুকু
সব লইয়া যায়।
ফিরে আসা?
ওটা গল্পের নিয়ম।
জীবনের না।
২৫-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।