মাহে রমজান
- মোঃ তারেক মিয়া
আঁধার চিরে পুব আকাশে
আলোর রেখা হাসে,
শান্তি নিয়ে মাহে রমজান
সবার দ্বারে আসে।
সেহরির ওই মধুর সুরে
জাগবে যখন প্রাণ,
মুয়াজ্জিনের আজান ধ্বনি
পুণ্য কলতান।
ক্ষুধা-তৃষ্ণার ধৈর্য ধরে
মুমিন হবে জয়ী,
জান্নাতেরই সওগাত নিয়ে
আসবে আলোর তরী।
সারাদিনের উপবাস আর
মনের গহীন চাওয়া,
খোদার রহম চারদিকে আজ
মিষ্টি মধুর হাওয়া।
তাকওয়া মাখা তসবিহ হাতে
শান্ত মনে চলা,
রমজানেরই দীক্ষায় হোক
সত্য কথা বলা।
ধুয়ে-মুছে মনের কালি
শুভ্র হবে হিয়া,
সবার তরে ভালোবাসা
জাগবে পরান দিয়া।
ইফতারে ওই তৃপ্ত ক্ষণে
মিষ্টি মধুর হাসি,
পবিত্র এই দিনগুলোকে
ভীষণ ভালোবাসি।
২৬-০২-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।