থেকে যাওয়া ভিড়
- ফারহান নূর শান্ত
বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে বুঝেছিলাম—
সবাই কোথাও না কোথাও যাচ্ছে,
শুধু গন্তব্যটাই আলাদা।
কারও হাতে চাকরির ফাইল,
কারও চোখে ঘুমহীন রাত,
কারও পকেটে শেষ ভাড়ার কাঁপুনি।
বাস আসে, থামে, আবার চলে যায়।
কেউ ধাক্কা মেরে উঠে যায়,
কেউ চুপচাপ সরে দাঁড়ায়,
কেউ দৌড়াতে দৌড়াতে হঠাৎ থেমে যায়—
নিজেরই অক্ষমতার সামনে।
আমি তখন দেখি—
থেকে যাওয়াদের ভিড়টাই বড়,
যারা কোথাও পৌঁছায় না,
শুধু সময়ের ধুলো গায়ে মেখে দাঁড়িয়ে থাকে।
আমি ফের ভাবি—
জীবন বোধহয় এমনই,
সবাই উঠতে চায় নিজের মতো একেকটা বাসে
কিন্তু সব বাস,
সবার জন্য থামে না।
০১-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।