রাষ্ট্র
- ফারহান নূর শান্ত
রাষ্ট্র,
এখানে ক্ষমতার সিঁড়ি বেয়ে ওপরে উঠলেই,
নেতাদের কণ্ঠে জমে যায় নীরবতার বরফ।
এখানে শোষণের হিসাব কেউ রাখে না—
কেবল ভোটের আগে কিছু কাগুজে স্বপ্ন বিলানো হয়।
রাষ্ট্রে,
আইনের বই মোটা হয়, ধারা-উপধারা বাড়ে,
তবুও ন্যায়বিচার হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে—
ক্ষমতার সামনে মাথা নোয়াতে নোয়াতে।
রাষ্ট্রে,
মানুষের অধিকার লেখা থাকে সংবিধানে,
কিন্তু সেই অধিকার পৌঁছায় না মানুষের হাতে—
হারিয়ে যায় পথেই, ক্ষমতার গোলকধাঁধায়।
রাষ্ট্রে,
রাস্তায় পড়ে থাকে ভাঙা স্বপ্ন,
হাসপাতালের বারান্দায় অপেক্ষা করে জীবন,
শিক্ষার দরজায় কড়া নাড়ে ভবিষ্যৎ—
কিন্তু সবই যেন আটকে যায় অদৃশ্য প্রাচীরে।
রাষ্ট্রে,
রাস্তায় দাঁড়ানো মানুষের চোখে,
অপরিবর্তিত থাকে ক্ষুধা, অবহেলা আর দীর্ঘশ্বাস।
এখানে পাল্লা দিয়ে বাড়ে দ্রব্যের দাম,
কিন্তু মানুষের জীবন, তার দামদর কেবলই নিম্নগামী।
রাষ্ট্র,
তুমি কি বেকার তৈরির কারখানা?
তুমি কি কেবলই খোঁজো দাস?
যারা তোমার কথায় শিরদাঁড়া নুয়ে রাখবে!
রাষ্ট্র,
কেন শিক্ষিত হাতগুলো কাজ পায় না?
কেন স্বপ্নগুলো ফাইলের নিচে চাপা পড়ে থাকে?
কেন অধিকার চাইতে গেলেই
মানুষ হয়ে যায় অপরাধী?
রাষ্ট্র,
তুমি কাদের জন্য আইন লেখো?
মানুষের জন্য,
নাকি ক্ষমতার পাহারাদারদের জন্য?
রাষ্ট্র,
তুমি পারো কি এসব প্রশ্নের মুখোমুখি হতে?
তুমি পারো কি দলীয়করণ, স্বজনপ্রীতি রুখতে?
যেখানে ভিন্নমত পোষণ করলেই শেষ হতে হয়।
রেখে গেলাম কিছু প্রশ্ন!
১৩-০৪-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।