প্রথম
- হাসিব মহিউদ্দিন
গোধূলির স্পর্শে যেই তারকাটি জ্বলে
তারে বলি সুখ তারা আজকে আমার;
প্রথম জ্বলিয়া তারা আলো দেয় ছলে
ব্যতিচার হলো দ্যুতি কাটে আঁধিয়ার।
কথা কই তার সনে সাঁঝের মায়ায়
মনে পড়ে অতীতের ব্যাথাতুর স্মৃতি;
তারকাটি দেয় শুধু আমাকেই সায়
তৃণের বুকেতে শুয়ে জাগে শুধু প্রীতি।
মনে পড়ে প্রথমের সেই প্রেমখানি
যেখানে উজাড় করা ছিল ভালোবাসা;
যেখানে প্রেমিকা দেয় আশ্বাসের বাণী
প্রেমিক বেদনে মাখে তারে লয়ে আশা।
হয়তোবা কবি হয় কতেক প্রেমিক
ভালোবাসা লাগি সেই কবিতাটি লিখা;
আবার কেউবা হয় প্রাণে দার্শনিক
জ্বালিয়ে দিয়েছে তার বেদনের শিখা।
প্রথম প্রেমের মতো কবিতার খাতা
কবির অন্তর পটে আঁকে স্মৃতি ঢের;
তারকার দিকে চায় মেখে চোখ পাতা
প্রেমিকার লাগি মন করে দোয়া ফের।
আমার কবির মনে তেমনি যে ভাসে
প্রথম প্রেমের স্মৃতি গোধূলির কোলে;
প্রথম তারার দিকে চেয়ে মন হাসে
আমার অন্তর আজ সুখে সুখে দোলে।
মনে পড়ে আরো কতো গভীরের স্মৃতি
জীবনের বাঁকে জাগে সাগরের ঢেউ;
কেউ কি খবর রাখে দেখিয়ে সে প্রীতি
পৃথিবীর বুকে নেই আপনার কেউ।
চাইনা ভাবিতে আর চরম বাস্তব
পরম পৃথ্বীর বুকে লেগে থাক দোলা;
প্রথম বইয়ের স্মৃতি মনে করে রব
তাই আজ তৃণে বসে স্মৃতি বই খোলা।
আবার স্মৃতিতে ভাসে পরীক্ষার ফল
প্রথম হয়েছি আমি একবারে সেই;
তারপর হাল ছাড়ি পড়াশোনা জল
হারিয়েছিলাম আমি আপনার খেই।
প্রথম বধূর মতো ব্যথাতুর স্মৃতি
আসিছে আমার আজ মনের ভেতর;
সইলোনা সুখ আর নিয়তির গীতি
পেয়েছিলাম আমার ব্যথাতুর ঘর।
তখনি প্রথম লেখি কবিতার বাণী
প্রথম কবিতা যেন নিজের কথায়;
ভাসালাম আমি ফের মাখিতেছি গ্লানি
দেয়নি আমাকে প্রাণ তবু ফিরে সায়।
কতনা যুদ্ধের শেষে আজ কবি হয়ে
প্রথম প্রেমের কথা বলিতেছি প্রাণে;
পড়েছে আমার প্রাণে সব ব্যথা ক্ষয়ে
প্রথম সকল কিছু আসিছে উজানে।
০৩-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।