সাধারণ জনতা
- মারুফ আহমাদ
সাধারণ জনতার শক্তি সম্বন্ধে যতটা না,
তার চেয়ে বেশি বিস্মিত হই—
তাদের সাধারণত্ব দেখে।
সেদিন ডান দলের মিছিলে,
বাম দলের হামলার প্রতিবাদে
ডান নেতা গর্জে উঠে বললেন—
"সাধারণ জনগণই এর বিচার করবে!"
এর দুদিন পর, সন্ধ্যাবেলায়,
দ্বিগুণ শক্তি-সমারোহে এসে
ডান দল জড়ো হল বা' দলের অফিসে।
বা' দলের অফিস ছিল শুনশান নিরব,
তাই বেশি বেগ পেতে হয়নি ডান দলের।
আচ্ছামতো ভাঙচুর করে,
যে যা পারল, পুরলো ব্যাগে।
যে বেচারা কেটলি ভাগে পায়নি,
সে নিল ফুটন্ত পানিটুকু বোতলে।
ফ্যানটা যে ভাগে পায়নি,
সে খুলে নিল সুইচটা।
কেউ বা নিল বাথরুমের জুতা।
লুট শেষে বীরবেশে
জয়ধ্বনি তুলল তারা—
"সাধারণ জনতাই জবাব দিয়েছে!"
সন্ধ্যে গড়িয়ে,
রাত পোহাবার আগেই
দলে দলে পৌঁছে গেল
বা' দলের সাধারণ জনতা—
ডান দলের বাড়ির আনাচে-কানাচে,
চাপাতি-খুন্তি, রামদা হাতে...
অতঃপর একদিন—
এই সাধারণ জনতার উৎপাতে,
যেদিন সাধারণ জনতা রাস্তায় নেমে এলো,
সেদিন তারাও সেই অভিন্ন স্লোগানই দিল—
"আজ থেকে সাধারণ জনতাই
সবটা দেখভাল করবে!"
ব্যাস—
সাধারণ জনতার আর মুক্তি মিলল না—
সাধারণ জনতার হাত থেকে!
০৮-০৫-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।