কেউ যেন না জানে
- জায়েদ আকবর
আকাশের বুকে যাই হয়ে যাক সাড়া দাও তার গানে,
তোমার বুকের আসল খবর কেউ যেন না জানে।
জীবনের এই ঘোর অরণ্যে
জেগে ওঠো আজ নিজের জন্যে।
নতুন সৌরদীপ্তির রেখা,
কত ফুল ফোটে দেখা - না দেখা
হৃদয় জুড়ানো ঝরনার জল পাবে আর কোনখানে?
তোমার সরল সুখের খবর কেউ যেন না জানে!
নিশীথ রাতের স্বপ্নের মতো ছুটে যাও তার কাছে,
অসীম বিশ্বে স্নেহাশিস ছাড়া কে আর বলো বাঁচে!
অশ্রুর মতো ঝরে পড়ে কথা
চক্র আকারে দোলে বনলতা
তুমি জানো - সে হবে না তোমার
প্রদীপের নিচে জমেছে আঁধার!
বিশাল বৃক্ষ হাওয়ায় হাওয়ায় একাকার হয়ে নাচে,
নিঠুর বিশ্বে মমতা ছাড়া কি কখনোই কেউ বাঁচে?
(২২.০৫.২০২৬)
০৯-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।