মনের স্টেশন
- ফারহান নূর শান্ত
রাতের আধখোলা দোকান জানে, এ শেষ ট্রেন,
বাকিটা জানতো নাকি স্টেশনের ধোঁয়া
সিগন্যাল চেনে-জানে যত তাড়াহুড়োর মুখ,
শহর চেনে একা একা ফেরা মানুষের ছোঁয়া।
রাতের বাতিতে কাঁপে পুরোনো ল্যাম্পপোস্ট ,
বাতাস বয়ে নেয় নাম, ঠিকানা হারিয়ে
শহর ঘুমিয়ে গেলে জেগে থাকে রেললাইন,
দূরত্ব বসে থাকে দুই প্রান্তে জিরিয়ে।
ফুটপাত গুনে রাখে জুতার নীরব ক্ষয়,
আকাশ রাখে না কোনো কর্জের খাতা
মেঘের বুকপকেটে হারানো রাতের শব্দ,
বিদ্যুৎ লিখে যায় নাম, পড়ে না কেউ তা।
বৃষ্টির আধভেজা চিঠি আটকে জানালায়,
বাকিটা জানতো নাকি পর্দার ভাঁজ
জমা জলে, কিছু বাড়ি ফেরার অপেক্ষা,
চায়ের কাপে জেগে ঘুম, ঘুম পরবাসী আজ।
ভোর এসে মুছে দেয়, রাতের সব বিজ্ঞাপন,
কিছু অন্ধকার তবু থেকে যায় গোপনে
বাড়ি ফেরে মানুষ, ফেরে না সব অপেক্ষা,
কিছু ট্রেন দাঁড়িয়ে থাকে, মনের স্টেশনে।
১৪-০৬-২০২৬
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।