কদম আলীর বাড়ছে দেনা
- শেখ মাফিজুল ইসলাম
কদম আলীর কান্না দেখে কাঁদছে যে বউ সকাল থেকে,
খাদ্য- খাবার খাবে কী আর, খাদ্য যে তার রসাতলে;
গরম ভাতের গরম হাওয়া গরল এখন অবরোধে,
ঘাম বেচা-যে ঘরের খাবার আসবে ঘরে কোন সুবাদে।
চড়বে হাঁড়ি? চাল বাড়ন্ত, চেঁচামেচি সহ্য ক’রে-
ছাওয়াল গুলো ছাই খাবে কী? পা-ছড়িয়ে কান্না ধরে।
জয় করেছি জীবন দিয়ে, জগৎ জানে রক্তে কেনা,
ঝড় তুলেছে ঝড়েশ্বরী ঝগড়া ঝাঁটি সবার চেনা।
টগবগে খুন টানছে সবার, টইটুম্বর দুঃখ ভারী,
ঠকবে না কেউ, ঠকলে-যে হার, ঠকার ভয়ে চিন্তা করি।
ডাক দিয়েছে ডঙ্কা বাজে, ডাকের চোটে ঘুম যে ছোটে,
ঢাকা শহর লজ্জা ঢাকে, গভীর রাতে সূর্য ওঠে।
নেতা দ্যাখেন সূর্য তো নয়, চারিদিকে জ্বলছে আগুন,
তকমা আঁটা পাতি নেতা কেউ বলে না- সবাই ভাগুন।
থ’ মেরে যায় থমকে দাঁড়ায়, শিশুর বিদ্যা হলো মাটি,
দলবাজীরা দলকে চেনে, দেশ বানাবে স্বর্গ-ঘাঁটি।
ধনী যারা হচ্ছে ধনী, ধন-দৌলত তাদের কেনা,
নয়ন জলে নাভিশ্বাসে, কদম আলীর বাড়ছে দেনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।