স্বপ্ন-স্মৃতি
- সুদীপ তন্তুবায় নীল

রক্তজবার গর্ভকেশর
আমার বুকের স্বপ্নগাছি,
যতদূরেই যাওনা তুমি
দেখবে আমি পাশেই আছি ।

দিগন্তের ওই সুপ্ত কোনায়
যেথায় আকাশ স্পর্শে মাটি,
তোমার কোমল হাতটি ধরে
সেই মিলনের রেখায় হাঁটি ।

দূর নীলিমায় দেখবে চেয়ে
ছন্নছাড়া মেঘের সারি,
তোমায় নিয়ে স্বর্গসুখে
সেথায় প্রিয়া আমার বাড়ি ।

শেষ বিকেলে চাইবে মেঘে
দেখবে ধূসর আলোর ছটা,
সেগুলো সব মৃত আশার
জমাট বাঁধা রক্তফোঁটা ।

সাঁঝের বেলা প্রদীপ হাতে
দেখবে ওগো সন্ধ্যাতারা,
বেদন ব্যথা নিয়ে কেমন
নিরব হয়ে দেয় পাহারা ।

গভীর রাতে একাকি চাঁদ
হাঁটে যখন শূন্য পারে,
তখন তুমি মৌনমুখর
আঁধার ঘেরা স্বপ্নঘরে ।

তমাল শাখে দেখবে চেয়ে
চৈতি জোনাই করছে খেলা,
শান্ত তুমি আমার বুকে
শেষ প্রহরের রাত্রি বেলা ।

প্রত্যুষে দ্বার খুলে প্রেমী
অপেক্ষাতে রইব জেগে,
ঝরছে ঝরুক অঝোর ধারা
স্বপ্ন-স্মৃতির কাজল মেঘে ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।