অচিনপুরের কন্যা তুমি
- সুদীপ তন্তুবায় নীল

অচিনপুরের কন্যা হলে
মাখলে আঁধার গায়ে,
নীরব হয়ে ফিরে গেলে
শান্ত নূপুর পায়ে ।

চলে গেলে সেদিন তুমি
কীসের অভিমানে ?
স্বপ্নে এসে বললে-বিদায়
আমার কানে কানে ।

শেষ যে তোমায় দেখেছিলাম
নাইতে যাবার কালে,
আজকে তুমি স্বপ্ন বিহগ
আমার মনের ডালে ।

না বলা সব কথাগুলো
মনের নীলাকাশে
মেঘলা মেঘের টুকরো হয়ে
চতুর্দিকে ভাসে ।

গেছ চলে অনেকদূরে
তবু যে এই মনে,
স্মৃতি নিয়ে যন্ত্রণা যে
দাও গো প্রতিক্ষণে !

দুর নীলিমায় তোমার ছায়া
সাদা মেঘের ভেলা,
সঙ্গে কেন নিলে না গো
ফিরে যাবার বেলা ?

যেতাম চলে তোমার সনে
দুরের অচিনপুরে,
পার হলে যে একলা তুমি
চিতার ভেলা চড়ে ।

অচিনপুরের কন্যা হলে
আঁধার গায়ে মাখো,
আমায় ছেড়ে কেমন করে
দুরের দেশে থাকো ?

রচনা : ২১/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।