পড়ে আছি একলা আমি রিক্ত খেলাঘরে
- সুদীপ তন্তুবায় নীল

বৃষ্টি মাখা রাত পেরোলো
স্বপ্নে ছিলে তুমি,
হেঁটেছিলে আমার সাথে
বৃষ্টি ভেজা ভূমি ।

হয়েছিলাম মুক্ত বিহগ
নীল সীমানার পরে,
অনন্ত সুখ ভরেছিলে
ছোট্ট খেলাঘরে ।

সেই ঘরেতে সুখের বাসর -
উত্তেজনা বুকে,
এঁকেছিলাম একটা চুমু
সুশ্রী তোমার মুখে ।

কষ্ট ছিল বুকের খাঁচায়
কাঁদেনি মোর হিয়া,
যতন করে ঢেকেছিলে
তোমার আঁচল দিয়া ।

আমার চোখের অশ্রু ছিল
তোমার দুটি চোখে,
কাঁদতে তুমি সারাটি রাত
আমার দুঃখ-শোকে ।

আজকে যে কেউ হয় না দুখী
আমার মনের দুখে,
দেয় না মুছে অশ্রু যে আজ
আমার দুটি চোখে ।

সেই যে তুমি কোথায় গেলে
স্বপ্ন ভাঙার পরে !
অশ্রু নিয়ে পড়ে আছি
রিক্ত খেলাঘরে ।

শত জনম প্রতীক্ষা যে
করবো একা একা,
এক জনমে পাবই আমি
প্রিয়া তোমার দেখা ।

রচনা : ২২/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।