মা
- সুদীপ তন্তুবায় নীল

আমায় তুমি পেয়েছ গো মা গর্ভসাগর তীরে,
আঁধারেই কথা দিয়েছি তোমাকে থাকবো তোমায় ঘিরে ।
দশমাস তুমি প্রহর গুনেছ জঠর বেদনা নিয়ে,
একদিন তুমি দেখালে যে আলো স্নেহের ছত্র দিয়ে ।
আঁতুরের ঘরে স্নেহ চুম্বন দিয়েছিলে এই মুখে,
সেইথেকে তুমি মায়ার বাঁধনে আগলে রেখেছ বুকে ।
কুড়িটা বছর হেঁটে গেছে পথে বড়ো হয়ে গেছি আমি,
দিনের শেষেতে আজও খুঁজি মাগো তোমার চরণ ভূমি ।
এ জীবনটুকু তোমারই তো দান তাইতো তোমায় ছাড়া-
এ ভুবনখানি ভুবনেই নয় নষ্ট বসুন্ধরা !
যতবারই আসি এ ধরায় যেন তোমারই গর্ভ পাই,
তোমারই আঁচল বিনা গো জননী কোথাও শান্তি নাই ।
জননী গো তুমি আমার পৃথিবী আমার কান্না হাসি,
শেষ লিখনেও লিখব যে মাগো তোমাকেই ভালোবাসি ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।