পাষানপুরীর মেয়ে তুমি
- সুদীপ তন্তুবায় নীল

পাষানপুরীর মেয়ে তুমি
হৃদয় নিয়ে গেছো,
পাষান বুকে আমায় ছেড়ে
স্বর্গ সুখে আছো ।

কলমির ঘাট, পাকুড়ের গাছ
পলাশের বন পরে,
সেথায় তোমার পাষানপুরী
দুরে ওই প্রান্তরে ।

আঁচল ভরে কষ্ট তুমি
দাও যে আমার বুকে,
প্রেমের স্মৃতি হৃদয় ভরে
কাঁদায় বড়ো সুখে ।

আর কী কিছু পারবে দিতে
কষ্ট ছাড়া বলো !
ধূসর-কালো কষ্টে আমি
ক্লান্ত টলোমলো !

রবির কিরণ তোমার ঘরে
তোমার প্রাসাদ জুড়ে,
আমার ছোট্ট কুঠিরখানি
রয় যে অন্ধকারে !

শেষ বিকেলের দিগন্তে ওই
ধূলি মেঘের হাসি,
নখের আঁচড় কাটি সেথা -
'তোমায় ভালোবাসি' ।

আমার হৃদয় চুরি করে
হাঁটলে নিজের পথে,
কথা ছিল তোমার দু'হাত
থাকবে আমার হাতে ।

কতদূরেই যাবে প্রিয়া
এসো তুমি ফিরে,
বিদায়বেলা থেকো পাশে
রিক্ত দু'হাত ধরে ।

একমুঠো গান ,রাগ-অভিমান
সব শেষ হয়ে যাবে,
আঁধারতলির মৃত্যুদুয়ার
আমায় গিলে খাবে !

আলোর সীমা হব যে পার
জীবন খেয়া বেয়ে,
থাকবে তুমি সুখে ওগো
পাষানপুরীর মেয়ে ।

রচনা : ২৬/০৭/২০১৩


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।